
বরিশাল নদীবন্দর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে ছেলেসন্তান প্রসব করেছেন। শনিবার সকাল সোয়া ৯টার দিকে নদী বন্দরের দুই নম্বর গেটের সামনে রাস্তার ওপর ত্রিশোর্ধ্ব নারী ওই সন্তান জন্ম দেন। কিন্তু তিনি বলতে পারছেন না সন্তানের পিতা কে।
বরিশাল জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক রুহুল আমিন জানান, শনিবার সকাল ৮টার দিকে ওই নারী নদীবন্দর এলাকার রাস্তার ওপর গড়াগড়ি করে কাতরাতে ছিলেন। তিনি যে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন বিষয়টি অনুমান করতে পেরে পার্শ্ববর্তী ভাটারখাল কলোনির মহিলাদের খবর দেওয়া হয়। সেখান থেকে কয়েকজন নারী এসে সন্তান প্রসবের ক্ষেত্রে ভারসাম্যহীনকে সহায়তা করেন। সোয়া ৯টার দিকে তিনি একটি ফুটফুটে ছেলেসন্তান জন্ম দেন।
স্থানীয়রা জানান, সন্তান জন্ম দেওয়ার পরে নারীকে হোটেল শ্রমিক রুহুল আমিন খাবার সরবরাহ করাসহ বিছানার চাদর, মশারি, গরম পোশাক এনে দিয়েছেন।
রুহুল আমিন জানান, বর্তমানে নারী ও ছেলে উভয়ে সুস্থ রয়েছেন। অনেকে সন্তানটি নিতে চাইলেও নারী দিতে চাইছেন না; বরং বুকে আগলে রাখছেন এবং পরিচয় জানতে চাইলে নারী শুধু নিজের নাম মায়া ছাড়া আর কিছু বলতেও পারছেন না।
স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, তাদের সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ না নেওয়া হলে সন্তানটি যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে। তাছাড়া শীতের রাতে খোলা আকাশের নিচে থাকলে বাচ্চাটি রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা থাকছে।
বরিশাল সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার (শহর) শ্যামল সেন গুপ্ত জানান, বিষয়টি থানা পুলিশ ও সংবাদকর্মীদের মাধ্যম শুনেছেন। ভারসাম্যহীন নারী ও তার সন্তানের সুরক্ষায় যা যা করণীয় তিনি তাই করবেন।
