
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বর্তমানে দেশ পরিচালিত হচ্ছে। এজন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ শান্তিতে বাস করছেন।
তিনি বলেন, বর্তমানে সনাতন হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের মানুষও প্রশাসনের বড় বড় পদে কর্মরত। এটা অন্য সরকারের আমলে ছিল না। গয়েশ্বর রায়রা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও তারা সনাতন ধর্মের মানুষের স্বার্থ রক্ষা করেননি।
দিনাজপুরে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের ১৮৭তম শুভ জন্মতিথি ও দুই দিনব্যাপী বার্ষিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ইকবালুর রহিম এসব কথা বলেন।
শুক্রবার বেলা ১১টায় দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে সব ধর্মের মানুষকে নিয়ে কাজ করছেন।
সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ বলেন, দেশের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার। সব ধর্মের মানুষ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করছেন। সরকার নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতা করছে।
দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, রামকৃষ্ণ মিশন ম্যানেজিং কমিটির সভাপতি শ্রী অজয় কুমার চ্যাটার্জী, সহ-সভাপতি ডা. শান্তনু বসু, সদস্য শ্রী শ্যামল সরকার, স্বামী সমানন্দ।
