অনিচ্ছাকৃত নিষিদ্ধ দৃষ্টি ক্ষমাযোগ্য
আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দৃষ্টি অবনত রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘মুমিন পুরুষদের বলো, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে। এটাই তাদের জন্য শুদ্ধতর। তারা যা কিছু করে আল্লাহ সে সম্পর্কে পরিপূর্ণ অবগত।’ (সুরা : আন-নুর, আয়াত : ৩০)
যে ব্যক্তি তার দৃষ্টিকে অবনত রাখবে আল্লাহ তাআলা তার অন্তরকে পবিত্র রাখবেন। তখন তার হৃদয়ে গুনাহের প্রবঞ্চনা জাগ্রত হবে না। ফলে সে ইবাদতের স্বাদ অনুভব করবে আর যাবতীয় শয়তানি কুমন্ত্রণা ও ধোঁকা থেকে নিষ্কৃতি লাভ করবে।
আমাদের অনেক সময় এমন হয় যে অনিচ্ছা সত্ত্বেও পথে-ঘাটে, গাড়িতে কিংবা বাজারে বেগানা নারীর দিকে দৃষ্টি চলে যায়। এ ক্ষেত্রে আমাদের করণীয় কী? এটা তো ইচ্ছাকৃত হয়নি; বরং অনিচ্ছাকৃত হয়েছে। প্রিয় নবী (সা.) এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, রাসুলুল্লাহ (সা.) আলী (রা.)-কে বললেন, ‘হে আলী, কোনো নারীক...
