রিজার্ভ ব্যবহারে আরও সতর্ক কেন্দ্রীয় ব্যাংক
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবহারে আরও সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ থেকে আপাতত নতুন করে সরাসরি কোনো ঋণ দেওয়া হবে না। কারেন্সি সোয়াপের (সাময়িক ঋণ) আওতায় শ্রীলংকাকে দেওয়া হবে না কোনো নতুন ঋণও। তবে বাড়ানো হবে আগের ঋণ পরিশোধের মেয়াদ। অপ্রয়োজনীয় ও বিলাসী পণ্য আমদানিও নিরুৎসাহিত করা হবে।
সাম্প্রতিক সময়ে আমদানি ব্যয় লাগামহীনভাবে বেড়ে যাওয়া এবং রেমিট্যান্স কমায় দেশের রিজার্ভ কমতে শুরু করেছে। আমদানি ব্যয় গত আগস্ট থেকে লাগামহীনভাবে বাড়ছে। প্রায় ৫ মাস ধরে রেমিট্যান্স কমছে। এর প্রভাবে রিজার্ভও কমে গেছে। এদিকে করোনার সময়ে স্থগিত এলসি ও বৈদেশিক ঋণের কিস্তি এখন পরিশোধ করতে হচ্ছে। এসব কারণে রিজার্ভের ওপর চাপ বেড়েছে। এজন্য রিজার্ভ ব্যবহারে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক উল্লিখিত পদক্ষেপ নিয়েছে।
সূত্র জানায়, বর্তমানে রিজার্ভ আছে ৪ হাজার ৪২৪ কোটি ডলার। আগে য...

