
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে এসে বিতর্কে জড়ালেন ইংল্যান্ডের সাবেক তারকা অলরাউন্ডার রবি বোপারা।
বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করে আইসিসির আচরণবিধির লেভেল-৩ পর্যায়ের অপরাধ করেছেন বোপারা। দুই আম্পায়ারের প্রতিবেদনের ভিত্তিতে বোপারাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিলেন ম্যাচ রেফারি দেবব্রত পাল।
কিন্তু বোপারা আপিল করায় বিষয়টি বিপিএলের টেকনিক্যাল কমিটি পর্যন্ত গড়ায়। এরপর সেখানে বোপারার শাস্তি কমানো হয়।
বোপারাকে ম্যাচ ফির ৭৫ ভাগ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে ৩টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
৭ ফেব্রুয়ারি সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খুলনার বিপক্ষে সিলেটের অধিনায়কত্ব করেন রবি বোপারা। অধিনায়কত্ব পেয়েই বল টেম্পারিংয়ের মতো বিতর্কিত কাজ করে বসেন এই ইংলিশ তারকা। বিষয়টি আম্পায়ারদের নজরে আসার পর নতুন বলে শুরু হয় ম্যাচ।
ম্যাচের প্রথম ইনিংসের তৃতীয় ওভারে বল টেম্পারিং করেন বোপারা। নখ দিয়ে খুঁটে বল বিকৃতি করার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে মাঠেই শাস্তি পেয়েছে সিলেট। পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হয় প্রতিপক্ষ খুলনাকে।
নিজের প্রথম ওভারেই এমন অখেলোয়াড় সুলভ আচরণ করেন বোপারা। ওভারের তৃতীয় বলের পর অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা তার থেকে বল চেয়ে নেন।
টিভি রিপ্লেতে দেখা গেছে, বাঁ-হাত দিয়ে বল আড়াল করে ডান হাতের দুই আঙুলের নখ দিয়ে বল ঘষামাজা করছিলেন সিলেট অধিনায়ক।
সম্প্রতি নখ দিয়ে খুঁটে বল বিকৃতির ঘটনায় নেদারল্যান্ডসের পেসার ভিভিয়ান কিংমার চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
