Friday, May 22

ছিনতাইকারীর হাতে ওয়াকিটকি, আরএমপির ৪ অপারেটরকে বদলি

ছিনতাইকারীর হাতে যাওয়া রাজশাহী মহানগর পুলিশের একটি ওয়াকিটকি নিয়ে শুরু হয়েছে উচ্চপর্যায়ের তদন্ত। সোমবার বোয়ালিয়া মডেল থানার সাবেক ওসি নিবারণ চন্দ্র বর্মণকে তিন ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তদন্তের একপর্যায়ে দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার বোয়ালিয়া মডেল থানার চার ওয়্যারলেস অপারেটরকে আরএমপি থেকে ঢাকায় বদলি করা হয়েছে।

বদলির আগে চার ওয়্যারলেস অপারেটর কনস্টেবল আব্দুল আউয়াল, আমানুল্লাহ, কামাল হোসেন ও সাইফুল ইসলামকে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। তারা তদন্ত কমিটিকে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে সাবেক ওসি সব কিছু জানতেন। ওয়্যারলেস সেট খোয়া গেলেও সে বিষয়ে থানায় কোনো জেনারেল ডায়েরি করা হয়নি।

আরএমপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি শিরোইল বাস টার্মিনাল এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকালে নগরীর শাহমখদুম থানার বাগানপাড়া এলাকার দুই ছিনতাইকারী মাভেল ইসলাম মাভেল ও নেহাল ইসলাম নিরোকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানার পুলিশ। এই দুই ছিনতাইকারীর কাছ থেকে পুলিশের একটি মটোরোলা ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই ছিনতাইকারী পুলিশকে জানায়, এই ওয়্যারলেস সেটটি বোয়ালিয়া থানার। এই থানার সাবেক এসআই উত্তম কুমার রায় তাদের দিয়েছিলেন। বিষয়টি জানতেন সাবেক ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

এদিকে বিষয়টি জানাজানি হলে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, আরএমপির অতিরিক্ত কমিশনার মো. মজিদ আলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত করেন। তদন্তের অংশ হিসেবে সোমবার সাবেক ওসি ও চার ওয়্যারলেস অপারেটরকে জিজ্ঞাসাবাদ করেছেন। এ ঘটনা তদন্তে পুলিশ সদর দপ্তরের টেলিকম বিভাগের একজন ডিআইজি মঙ্গলবার ঘটনা তদন্ত করবেন বলে জানা গেছে।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত কমিশনার মো. মজিদ আলী বলেন, তদন্ত হচ্ছে। এখনি কিছু বলা উচিত হবে না। তদন্ত শেষ হোক।

এদিকে ছিনতাইকারীর হাতে যাওয়া ওয়্যারলেস সেটটির বিষয়ে কিছু বলতে অস্বীকার করেছেন সাবেক ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

Leave a Reply