Thursday, June 4

বাড়ির সিঁড়ির কাছে ২০ কোটি টাকার বিষ্ণুমূর্তি

নওগাঁর ধামইরহাটে ২০ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রামের মো. কাওছার আলীর মাটির বাড়ির সিঁড়ির কাছ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ মূর্তি পাচারে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে। প্রাচীন মূর্তিটি আদালতের সিদ্ধান্তের পর পরবর্তীতে হস্তান্তর করা হবে।

ধামইরহাট থানার ওসি মো.মোজাম্মেল হক কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৭টার দিকে তার নেতৃত্বে এসআই সবুজ মিয়া, এসআই ছলেমান আলী, এএসআই জালাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. কাওছার আলীর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে কাওছার আলীর মাটির বাড়ির সিঁড়ির কাছ থেকে মূল্যবান কালো পাথরের (কথিত কষ্টিপাথরের) মূর্তি উদ্ধার করে। ৩০ ইঞ্চি দৈর্ঘ্য, ১৪ ইঞ্চি প্রস্ত এবং ৩৩ কেজি ওজনের মূর্তিটির আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।

তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পত্নীতলা উপজেলার মধইল গ্রামের মৃত বদর উদ্দিন চৌধুরীর ছেলে মোজাম্মেল হক চৌধুরী ওরফে হেলাল চৌধুরী (৫৫) এবং একই উপজেলার আকবরপুর গ্রামের মৃত অছির উদ্দিন ছেলে আলতাব হোসেনকে (৫০) আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনার মূল নায়ক কাওছার আলী পালিয়ে যায়।

তিনি ধারণা করছেন ভারতে পাচারের উদ্দেশ্যে ওই মূর্তিটি কাওছার আলীর বাড়িতে নেওয়া হয়েছিল। সুযোগ বুঝে সেটি ভারতে পাচার করত।

ওসি বলেন, মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে। আটক আসামিদের নওগাঁ কোর্টহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে ধামইরহাট থানায় একটি সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Reply