Friday, April 24

চীনে ধসে পড়া কোয়ারেন্টিন হোটেলে ৪ জনের মৃত্যু

চীনে সম্ভাব্য করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টিনে রাখার হোটেল ধসে অন্তত চারজন মারা গেছেন, আর এ ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪২ জনকে।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, জীবিত অবস্থায় উদ্ধার হওয়াদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
বিবিসি জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুজিয়ান প্রদেশের চুয়ানজু শহরে পাঁচতলা ওই হোটেল ধসে পড়লে অন্তত ৭০ জন ভেতরে আটকা পড়েন।
শিনজিয়া নামের হোটেলটি সম্ভাব্য করোনাভাইরাস আক্রান্তদের কোয়ারেন্টিন রাখতে ব্যবহৃত হচ্ছিল বলে কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলির খবরে জানানো হয়।
হোটেলটি ২০১৮ সালে চালু হয় এবং এতে ৮০টি কামরা রয়েছে। কী কারণে হোটেলটি ধসে পড়ল তা এখনো স্পষ্ট নয়।
একজন নারী জানান, তার বোনসহ কয়েকজন আত্মীয় শিনজিয়া হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন। আর তিনি নিজে অন্য একটি হোটেলে কোয়ারেন্টাইনে আছেন।
একজন প্রত্যক্ষদর্শী সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে জানিয়েছেন, তিনি তখন কাছের একটি গ্যাস স্টেশনে ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাকিয়ে দেখেন পুরো হোটেল ভবনটি ধসে পড়ছে।
ফুজিয়ান ফায়ার সার্ভিসের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ৮৪৮ জন উদ্ধারকর্মী সাতটি প্রশিক্ষিত কুকুর নিয়ে ওই হোটেলের ধ্বংসস্তূপে উদ্ধার কাজ চালাচ্ছে।
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম উইবুতে আসা ভিডিওতে দেখা যায় ওই হোটেল ভবনের সামনের অংশ ধসে পড়ায় ইস্পাতের কাঠামো বেরিয়ে গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে একজনকে বের করে এনে অ্যাম্বুলেন্সে তুলছেন।

Leave a Reply