Friday, June 26

রূপগঞ্জ ট্রাজেডি-সজীব গ্রুপের চেয়ারম্যানসহ ৮ জনের চার দিনের রিমান্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার সজিব গ্রুপের চেয়ারম্যানসহ ৮জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ শনিবার বিকেলে রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির মোল্লা আসামিদের রিমান্ডের আবেদন করলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন তা মঞ্জুর করেন।

এর আগে শনিবার দুপুরে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন মজুমদার বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিরা হলেন সজীব গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল হাসেম, তার ছেলে হাসীব বিন হাসেম, তারেক ইব্রাহীম, তাওসীব ইব্রাহীম, তানজীম ইব্রাহীম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহান শাহ আজাদ, উপমহাব্যবস্থাপক মামুনুর রশিদ ও প্রকৌশলী মো. আলাউদ্দিন।

এর আগে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় কারখানার মালিকসহ আটজনকে গ্রেপ্তারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শনিবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, এ ঘটনার জন্য কারও ন্যূনতম অবহেলা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এবং হবে। ভবন নির্মাণে ন্যূনতম ত্রুটি এবং কারখানা পরিচালনায় কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।।

Leave a Reply