Friday, May 8

সব জলমহাল ইজারা নেওয়ার আবেদন অনলাইনে

এখন থেকে সব ধরনের সরকারি জলমহাল ইজারার আবেদন অনলাইনে করা যাবে। যা এতদিন ২০ একরের বেশি জলমহাল ইজারা নেওয়ার ক্ষেত্রে অনলাইনে আবেদন করার সুযোগ ছিল। আর বড় মহালগুলো ইজারা দেওয়ার অনুমোদন দেওয়া হতো মন্ত্রণালয় থেকে। এখন নতুন সিদ্ধান্তটি কার্যকর হলে যে কোনো জলমহাল ইজারার জন্য অনলাইনে আবেদন করা যাবে।

বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত এক বৈঠকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জেলা-উপজেলায় অনলাইনে জলমহাল ইজারার আবেদন দাখিলের বিধান চালু করতে নির্দেশ দেন।

বৈঠক শেষে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দেশনার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমি মন্ত্রণালয় ২০২১ সালের ১৫ নভেম্বর এক পরিপত্রে মন্ত্রণালয় পর্যায়ে জলমহাল ইজারার আবেদন অনলাইনে দাখিলের সুবিধা চালু করে। ওই দিনের পরিপত্রে বলা হয়, জলমহাল ইজারার আবেদন গ্রহণের প্রক্রিয়া অনলাইনে চালু হলে জলমহাল ইজারার আবেদন দাখিলসহ ইজারা প্রক্রিয়ার জটিলতা নিরসন সম্ভব হবে।

বিল, হাওর, বাওর, নিম্ন জলাভূমি ও নদ-নদীতে মৎস্য আহরণের এলাকাকে জলমহাল হিসেবে ধরা হয়। ভূমি মন্ত্রণালয়ে হিসাবে দেশে এমন জলমহাল প্রায় ৩৮ হাজার রয়েছে। এসব ইজারা দিয়ে বছরে প্রায় শতকোটি টাকার রাজস্ব পায় সরকার।

land.gov.bd ভূমিসেবা কাঠামো থেকে অথবা সরাসরি jm.lams.gov.bd ওয়েব পোর্টালে গিয়ে জলমহাল ইজারার জন্য আবেদন দাখিল করা যাবে। এ ছাড়া এই সংক্রান্ত বিস্তারিত সব তথ্য ওয়েবপোর্টাল দুটি থেকে জানা যাবে।

Leave a Reply