Saturday, May 30

ব্যাংক কর্মকর্তার ৩০ বছরের কারাদণ্ড

গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ফেনী শাখার সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তাকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত হাসান মোহাম্মদ রাসেদ (৩৮) ওই ব্যাংকের সাবেক কর্মকর্তা (ক্যাশ)। তার বাড়ি ফেনীর দাগনভূঞার গজারিয়া গ্রামে। তার বাবার নাম আবদুল মালেক।

রোববার দুপুরে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এএনএম মোরশেদ খান এ রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, হাসান মোহাম্মদ রাসেদ ফেনী শাখার সোস্যাল ইসলামী ব্যাংকে কর্মরত থাকাকালীন ব্যাংকের গ্রাহক রিজিয়া সুলতানার হিসাবে জমা দেওয়ার জন্য গৃহীত ১৭ লাখ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেন।

এ ঘটনায় তৎকালীন শাখা ব্যবস্থাপক ২০১৯ সালের ১ এপ্রিল থানায় মামলা করেন।

জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বলেন, শুনানি শেষে বিচারক এএনএম মোরশেদ খান অভিযুক্ত আসামিকে পাঁচটি ধারায় মোট ৩০ বছরের কারাদণ্ড ও ২২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

Leave a Reply