বাসসংকট, যানজট আর বাচ্চাদের নিয়ে ভোগান্তি
বিদ্যুৎ সাশ্রয়ে সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কার্যকর করা হয়েছে। এতে গতকাল বুধবার প্রথম দিনে রাস্তায় বাসসংকট, যানজট ও বাচ্চাদের নিয়ে ভোগান্তিতে পড়তে হয় অনেক কর্মকর্তা-কর্মচারীকে। যানজটের কারণে নির্ধারিত সময়ে অনেকে যথাসময়ে সচিবালয়ে উপস্থিত হতে পারেননি। আবার একই শঙ্কায় অনেক কর্মকর্তা-কর্মচারী অফিস শেষ হওয়ার আধাঘণ্টা আগেই অফিস থেকে বেরিয়ে পড়েন।
তবে শ্রম ও কর্মসংস্থান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিকেল ৫টার পর অফিস শেষ করেন। গতকাল সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে দেখা যায়, কোনো কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী নতুন সময়সূচিতে অফিসে আসেননি। কোনো কোনো মন্ত্রণালয়ে সচিবরাও আসেননি। আবার বেশ কিছু মন্ত্রণালয়ে মন্ত্রী ও সচিবদের যথাসময়...
