Thursday, August 6

সময় থেকে এগিয়ে থাকা স্বপ্নদ্রষ্টা- তানভীর রেজোয়ান

সময় থেকে এগিয়ে থাকা স্বপ্নদ্রষ্টা- তানভীর রেজোয়ান

মৌ, নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান:
সময়ের চেয়ে যারা এগিয়ে থাকেন তারাই সময়কে পথ দেখান। ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট তানভীর রেজোয়ান এর ক্ষেত্রে একথাটি আরো অনেক বেশি সত্য। একবিংশ শতাব্দীর শুরুতে পণ্য ও সেবার প্রচারনায় যখন ইলেক্ট্রিক ও প্রিন্ট মিডিয়ার তুমুল জয়জয়কার তখন থেকেই তিনি মনযোগ দিয়েছেন ডিজিটাল মার্কেটিং এ।

বৈচিত্রময় কর্মজীবনে তিনি ইভেন্ট অর্গানাইজার, ব্রান্ড ম্যানেজার, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস্ট, ডিজিটাল মার্কেটিং হেড, চিফ টেকনোলজি অফিসার সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন দেশের সেরা কর্পোরেট গ্রুপগুলোতে। ক্যারিয়ারের শুরুর দিকে মার্কেটিগ্ন ও ডিজিটাল মার্কেটিং এ হাত পাকিয়েছেন এশিয়াটিক, মাইন্ডট্রি, নেক্সটডট, আই ও লজিক্সহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন মার্কেটিং এজেন্সিতে কাজ করে।

বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর এ অপ্রতিদ্বন্দ্বী মার্কেটার তানভীর রেজোয়ান সেন্টার অফ ডিজিটাল মার্কেটিং এর সি ই ও হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।

তার সাথে কথা হচ্ছিলো স্বদেশ কন্ঠের প্রতিবেদক মৌ এর সাথে।

স্বদেশ কন্ঠ প্রতিবেদক: আসসালামু আলাইকুম স্যার।কেমন আছেন?

তানভীর রেজোয়ানঃ ওয়ালাইকুম আস সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি।

স্বদেশ কন্ঠ প্রতিবেদক: স্যার ই-কমার্স নিয়ে কাজের শুরুটা কিভাবে?

তানভীর রেজোয়ানঃ মোটামুটি ২০০৯ সালের শুরুর দিক থেকে বাংলাদেশে ইকমার্স ও এফ-কমার্স মোটামুটিভাবে যাত্রা শুরু করে। সেই সময় থেকেই ইকমার্স ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় ওয়েব ডেভেলপমেন্ট সাপোর্ট থেকে শুরু করে স্ট্রাটেজিক প্লানিং, মার্কেটিং প্লানিং, কন্টেন্ট ডেভেলপমেন্টসহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছি। এখন পর্যন্ত হাজারো ইকমার্স উদ্যোক্তাকে ডিজিটাল মার্কেটিং সেবা, প্রশিক্ষন ও পরামর্শ সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসায়ের যাত্রা সহজ ও সমৃদ্ধ করতে সহায়ক ভুমিকা রেখেছি।
এর পর নানা ধাপ অতিক্রম করে আজ একই সাথে আমরা নিজেরা এই ব্যবসায়ের সাথে জড়িত রয়েছি এবং ই-কামার্স ব্যবসায়ীদের সোর্সিং থেকে শুরু করে প্রোমোশন পর্যন্ত সার্বিক সেবা প্রদান করছি।

স্বদেশ কন্ঠ প্রতিবেদক: আপনার কি মনে হয়,ভবিষ্যতে বাংলাদেশ কি ইন্টারন্যাশনাল মার্কেটকে বিট করতে পারবে?

তানভীর রেজোয়ানঃ অবশ্যই পারবে। কারণ স্বাধীনতার পর আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের অবকাঠামো একেবারে ভেঙ্গে গিয়েছিল। তারপরও আজকে আমরা কিন্তু আরএমজি রপ্তানিতে বিশ্বে শক্ত ভীতের উপর দাড়িয়ে আছি।ই-কমার্স ইন্ডাস্ট্রিতে হয়তো আমাদের সময় লাগবে, সরকার এবং বেসরকারী উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা লাগবে। তারপরেও আমার বিশ্বাস, আমরা এগিয়ে যাবই।

স্বদেশ কন্ঠ প্রতিবেদক: ই কমার্সকে আরো সমৃদ্ধ করতে বর্তমানে আপনাদের (সিডিএম) এ কি কি কোর্স চালু আছে?

তানভীর রেজোয়ানঃ সেন্টার অফ ডিজিটাল মার্কেটিং একটি পরিপূর্ন বিক্রয়মুখী ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখান থেকে আমরা উদ্যোক্তা, ব্যবসায়ী ও মার্কেটিং প্রফেশনালদের জন্য ডিজিটাল মার্কেটিং সেবা, পরামর্শ ও প্রশিক্ষন প্রদান করি।
বর্তমানে আমাদের মনোযোগ সম্পূর্ণ এসএমই সেক্টেরর ই-কমার্স ব্যবসায়ীদের উপর। এবং তাদের কাজের অগ্রগতির জন্য আমরা নানা ধরনের কোর্স প্লান করেছি ও পরিচালনা করছি। এর মধ্যে আছে, কনটেন্ট রাইটিং (যে লেখা সেলস বাড়ায়), ফেসবুক এডভার্টাইজিং (কিভাবে কম খরচে টার্গেট পিপলের কাছে সেল করা যায়), প্রোডাক্ট সোর্সিং এর প্রশিক্ষণ, বিনামূল্যে ই-কমার্স প্লানিং ও স্ট্রাটেজিক কোর্স, ইত্যাদি।

স্বদেশ কন্ঠ প্রতিবেদক: স্যার নতুন উদ্যোক্তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?

তানভীর রেজোয়ানঃ কোন ব্যবসা শুরু করতে গেলে আগে সেই ব্যবসা জানতে হবে, শিখতে হবে, সেই শেখা জিনিসটি প্রয়োগ করতে হবে বাস্তবে। যারা নতুন করে ই-কমার্স ইন্ডাস্ট্রিতে আসতে চান তারা যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করতে চান, সেটি সম্পর্কে তাদের যেন অবশ্যই ধারণা থাকে। একই সাথে সোর্সিং, কাস্টমার ম্যানেজমেন্ট, প্রেজেনটেশন, আফটার সেলস সার্ভিস, পেমেন্ট মেথড, ডেলিভারি সিস্টেম, রিজেকশন হ্যান্ডেলিং, আরওআই অ্যানালাইসিস ইত্যাদি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা উচিত।

স্বদেশ কন্ঠ প্রতিবেদক: স্যার কি ধরনের পণ্য নিয়ে কাজ করলে সফলতা আসবে বলে আপনি মনে করেন?

তানভীর রেজোয়ানঃ পৃথিবীর সকল পণ্যই বিক্রয়যোগ্য। তাই সফলতার জন্য পণ্যের চেয়ে প্রস্তুতি বেশি গুরুত্বপূর্ণ। একজন ব্যবসায়ী হিসেবে আপনাকে ঠিক করতে হবে, আপনি কোন পণ্য বা সেবা নিয়ে কাজ করবেন। মার্কেটে কোনটির গ্যাপ রয়েছে। মার্কেটে সফলতা নির্ভর করবে প্রোপার স্ট্রাটেজি, ডাটা অ্যানালাইসিস, প্রেজেনটেশন, ব্র্যান্ডিং, কোয়ালিটি প্রোডাক্ট সাপ্লাই ইত্যাদির উপর।

স্বদেশ কন্ঠ প্রতিবেদক: একজন নতুন উদ্যোক্তার ব্যবসায়ের শুরুতে কী পরিমান বিনিয়োগ করা উচিৎ বলে আপনি মনে করেন?

তানভীর রেজোয়ানঃ যারা একেবারে প্রথম থেকে শুরু করছেন তাদের জন্য পরামর্শ হলো খুব বেশি বিনিয়োগ না করা। আগে টেস্ট বেসিসে অল্প পরিসরে কাজ শুরু করুন। এর পর আপনার আগ্রহ, ক্রেতাদের সাড়া দেবার মাত্রা, সার্বিক ব্যবসা নিয়ন্ত্রণ ইত্যাদির ভিত্তিতে সিদ্ধান্ত নিবেন পরের ধাপে কত টাকা বিনিয়োগ করবেন।

স্বদেশ কন্ঠ প্রতিবেদক: নিজেকে আপডেট রাখার জন্য কি কি করা যায়?

তানভীর রেজোয়ানঃ আসলে যে কোন ব্যবসায়ে প্রতিনিয়ত আপডেট হওয়ার কোন বিকল্প নেই। এজন্য প্রতিনিয়ত মার্কেটে যে পরিবর্তন আসছে সে সম্পর্কে খোঁজ-খবর রাখতে হবে। নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হতে হবে।লেখাপড়ার অভ্যাসটি চালিয়ে যেতে হবে। আর কোন ব্যবসায়ীক ফোরামের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। মানুষের সাথে ভাল সম্পর্ক রাখতে হবে, ইত্যাদি।

স্বদেশ কন্ঠ প্রতিবেদক: ধন্যবাদ স্যার ব্যস্ত সময়ের মধ্যেও স্বদেশ কন্ঠকে সময় দেবার জন্য।

তানভীর রেজোয়ানঃ আপনাকেও ধন্যবাদ।ধন্যবাদ স্বদেশ কন্ঠের সকল পাঠকদের।

Leave a Reply