
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন একটি নাটকের জন্য গান গাইলেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ‘মরণের পরে’ শিরোনামের গানটি লিখেছেন জনি হক এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ।
নাটকের গান প্রসঙ্গে সালমা বলেন, আমার গাওয়া গান বিভিন্ন নাটকে যুক্ত করা হয়। কিন্তু সেগুলো হয়ত সংশ্লিষ্ট নাটকের জন্য তৈরি হয়নি। এ কারণে গল্পের সঙ্গে পুরোপুরি মানানসই লাগে না কিংবা আমার গায়কীতে গল্পের প্রয়োজন অনুযায়ী যথাযথভাবে হয়ত আবেগটা ফুটে ওঠে না। রাজ ভাই আমার কথা ভেবেই গানটি সাজিয়েছেন। তিনি আমাকে নাটকের গল্প বর্ণনা করেছেন। পুরো বিষয়টি অনুভব করে মনের মতো করে দরদ দিয়ে গেয়েছি।
১৪ মার্চ ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। নতুন গানটির বিষয়ে রাজ বলেন, গল্পের ধরন অনুযায়ী গীতিকবি জনি হক গানটি লিখেছেন এবং নাভেদ পারভেজ সুর করেছেন। শুরু থেকেই আমাদের ভাবনায় ছিল, এই গানে সালমার কণ্ঠ মানাবে। লোকজ আঙ্গিকের গানে তার গায়কী সর্বজন স্বীকৃত। নতুন গানটি তিনি দারুণ গেয়েছেন। আমি মুগ্ধ।
‘মরণের পরে’ নাটকটির শুটিংও সম্প্রতি শেষ হয়েছে। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। শিগগিরই সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। এরপর ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে আসবে গানটির ভিডিও।
