
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে পুরো মারিউপোল দখল করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ রাশিয়ার স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বিশেষ বিবৃতি দিয়ে দাবি করেন, পুরো মারিউপোল এখন রাশিয়ার হাতে। কিছু ইউক্রেনীয় সেনা আজভস্টালে আশ্রয় নিয়েছে।
তিনি আরও দাবি করেছেন, মারিউপোলে ৪ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এখন পর্যন্ত আত্মসমর্পণ করেছে ১ হাজার ৪৬৪ জন সেনা।
এ ব্যাপারে বিবৃতিতে ইগোর কোনসেনকোভ বলেন, মারিউপোলের সবগুলো অঞ্চল পুরোপুরি পরিস্কার করা হয়েছে। অবশিষ্ট থাকা ইউক্রেনীয় সেনারা আজভস্টাল খনিতে পুরোপুরি অবরুদ্ধ আছে।
তিনি আরও বলেন, তাদের বেঁচে থাকার একমাত্র উপায় হলো স্বেচ্ছায় অস্ত্র ফেলে দেওয়া ও আত্মসমর্পণ করা।
এদিকে রাশিয়ার এমন দাবির পর ইউক্রেন এখনো তাদের প্রতিক্রিয়া জানায়নি।
এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছিলেন, এখন পর্যন্ত যুদ্ধে তাদের ৩ হাজার সেনা নিহত হয়েছে।
কিন্তু রাশিয়া দাবি করল শুধু মারিউপোলেই ৪ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।
তবে দুই পক্ষের দাবিরই কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।
