Saturday, April 18

ইউক্রেনে রয়টার্সের ২ সাংবাদিক আহত, গাড়িচালক নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সেভেয়েরোদোনেৎস্কে যাওয়ার পথে গোলাগুলির মধ্যে পড়ে রয়টার্সের ২ সাংবাদিক আহত হয়েছেন। এই ঘটনায় তাদের গাড়িচালক নিহত হয়েছেন।

শুক্রবার এ ঘটনা ঘটে। শহরটির দখল নিতে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে রুশ সেনাদের তুমুল যুদ্ধ চলছে বলে জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্সের ফটোগ্রাফার আলেকজান্ডার এরমোচেঙ্কো ও ক্যামেরাম্যান পাভেল ক্লিমভ সেভেয়েরোদোনেৎস্ক ও রুভিঝনে শহরের মধ্যবর্তী রুশ নিয়ন্ত্রিত অংশে মস্কো সমর্থিত বাহিনীর সরবরাহ করা একটি গাড়িতে করে যাচ্ছিলেন।

রয়টার্স নিহত গাড়িচালকের পরিচয় শনাক্ত করতে পারেনি, যাকে রয়টার্সের রিপোর্টিংয়ে সহায়তার জন্য বিচ্ছিন্নবাদীরা নিয়োগ করেছিলেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এ ঘটনার বিষয়ে মন্তব্য চেয়ে টেলিফোন কলের জবাব দেয়নি।

এরমোচেঙ্কো ও ক্লিমভকে রুভিঝনের এক হাসপাতালে নেওয়া হয়, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরমোচেঙ্কোর শরীরে একটি ছোট ছিদ্রযুক্ত ক্ষত তৈরি হয়েছে এবং ক্লিমভের হাতের একটি হাড় ভেঙে গেছে।

রয়টার্সের এক মুখপাত্র বিবৃতিতে বলেন, এ ঘটনায় নিহত চালকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে রয়টার্স।

Leave a Reply