
কেরানীগঞ্জে টিসিবির পণ্য কার্ডধারীদের না দিয়ে রাতের আঁধারে বাইরে বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে রোহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিরা হলেন— টিসিবির পণ্য ক্রেতা এরশাদ হোসেন, পিকআপচালক আবদুল কাইয়ুম ও লেবার আশ্রাফ আলী। এ সময় টিসিবির ডিলার নওয়াজ আলী কৌশলে পালিয়ে যান।
বিক্রির জন্য ২৭০ লিটার তেল, ৩০০ কেজি ডাল, ৩০০ কেজি ছোলা ও ৩০০ কেজি চিনি আনা হয়েছিল। এসব পণ্য পুলিশ জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এক মেম্বার বলেন, রাত ৯টার দিকে একটি পিকআপ থেকে সন্দেহজনকভাবে কিছু মালামাল দ্রুত একটি দোকানে নিয়ে যাচ্ছিল। তাদের দেখে আমাদের সন্দেহ হলে গিয়ে দেখি এগুলো টিসিবির পণ্য। পরে জনতা তাদের আটকে রেখে পুলিশে খবর দেন।
আটক আব্দুল কাইয়ুম জানান, তারা বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকা থেকে রোহিতপুর বাজারে ভাড়ায় এসেছেন। পণ্যের মালিক নেওয়াজ আলী আমাদের বলেছে— বাজারে এরশাদের দোকানে মালগুলো পৌঁছে দিতে। আমি এর বেশি কিছুই জানি না। এখন শুনি এগুলো সরকারি পণ্য।
তবে নেওয়াজ আলীর এক স্বজন জানান, এসব নেওয়াজের ভাগিনা আশিকের কাজ। আশিকই নেওয়াজের নামে ডিলার নিছে।
বাস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশকর আলী বলেন, গত মঙ্গলবার ইউনিয়নের দুটি ডিলারের মাধ্যমে তিনশ কার্ডধারীকে দুই লিটার করে তেল, দুই কেজি করে ডাল, চিনি ও ছোলা দেওয়ার দেওয়ার কথা থাকলেও তা আসেনি বলে আমাকে জানায় বাস্তা ইউনিয়নের টিসিবির ডিলার নেওয়াজ আলী। এখন শুনলাম রাতের আঁধারে টিসিবির পণ্য বিক্রি করতে গিয়ে ধরা পড়ে পালিয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম মিয়া জানান, রমজান মাসে মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে খাদ্যসামগ্রী পায় সে জন্য সরকার ভর্তুকি দিয়ে সাশ্রয়ী মূল্যে পণ্য সহায়তা দিচ্ছেন৷ আর কিছু অসাধু লোক এ নিয়ে কারসাজি করছে। কালোবাজারে বিক্রি করছে। টিসিবির পণ্য বিক্রির সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ডিলারকেও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এসআই ইমরান বাদী হয়ে চারজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।
