Friday, May 8

‘প্রেমঘটিত কারণে’ এসএসসি পরীক্ষার্থী খুন

নাটোরের বাগাতিপাড়ায় জাহিদুল ইসলাম (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে।

রোববার সকালে উপজেলার নাটোর-তমালতলা সড়কের কাঁকফো গ্রামের কালারা ব্রিজসংলগ্ন মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার নাক-মুখে রক্ত লেগেছিল।

প্রেমঘটিত কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ একই স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে আটক করেছে। নিহত জাহিদুল ইসলাম ওই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম নাটোর সদরের পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখায় মেকানিক্যাল ট্রেড থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে নাটোর সদরের কাঁঠালবাড়িয়া এলাকায় তার নানার বাড়ি থেকে পড়াশোনা করত।

শনিবার বিকাল ৩টার দিকে প্রতিবেশী একজনকে রক্ত দেওয়ার কথা বলে সে নানার বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন রোববার সকালে কৃষকরা মাঠে কাজে যাওয়ার সময় তার বাবার বাড়ি কাঁকফো এলাকায় কালারা ব্রিজসংলগ্ন জমিতে তাকে পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

নিহতের চাচা জাফিরুল ইসলাম জানান, প্রায় এক বছর থেকে জাহিদুল নানার বাড়ি থেকে লেখাপড়া করত। শনিবার রাতে খবর পাওয়া যাচ্ছে না শুনে জাহিদুলের মোবাইল নাম্বারে বারবার কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতেই বিভিন্ন আত্মীয়স্বজন ও তার বন্ধুদের কাছে খোঁজখবর নিয়েও তাকে পাওয়া যায়নি। পরদিন রোববার মাঠের মধ্যে লাশ পাওয়ার কথা শুনে সেখানে গিয়ে তিনিই ভাতিজার লাশ শনাক্ত করেন।

পীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, জাহিদুল ইসলাম নারীঘটিত কারণে হত্যার শিকার হয়েছে বলে তিনি শুনেছেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, প্রেমঘটিত বিষয়সহ আরও দু-একটি বিষয়কে সামনে রেখে তারা তদন্ত শুরু করেছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার মহসিন বলেন, এটি একটি হত্যাকাণ্ড। লাশের নাক-মুখে রক্তসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিআইডির প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply