সেই মাহেন্দ্রক্ষণ কাল, খুলছে স্বপ্নের দ্বার
এখন আর স্বপ্ন নয়। শুধু বাস্তব এবং দৃশ্যমান অবকাঠামোও নয়। ১৬ কোটি মানুষের আকাঙ্ক্ষার ফসল। বিশ্বের কাছে বাংলাদেশের নতুন এক পরিচয়। দেশের আত্মমর্যাদা ও সক্ষমতার একটি প্রতীক। গর্ব ও আকাঙ্ক্ষার সেই প্রতীকটি হচ্ছে ‘পদ্মা সেতু’।
নিজস্ব অর্থায়নে ৩০,১৯৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্পের আওতায় নির্মিত বহুল কাঙ্ক্ষিত এই সেতু উদ্বোধনের মাহেন্দ্রক্ষণ কাল শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেতুর উদ্বোধন করবেন।
পরের দিন ২৬ জুন থেকে ৯ দশমিক ৮৩ কিলোমিটার দীর্ঘ সেতুতে সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এর মধ্য দিয়ে অদম্য বাঙালি জাতির স্বপ্নের দ্বার খুলছে। এ সেতুর মাধ্যমে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকাসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপন হতে যাচ্ছে। যাতায়াত ব্যবস্থায় নতুন মাইলফলকে পৌঁছল বাংলাদেশ।
দেশি-বিদেশি নানা প্রতিকূলতা এবং প্র...
