Thursday, June 4

‘প্লাস্টিক ছেড়ে পাটের ব্যাগ ব্যবহার করুন’

বিশ্বব্যাপী পরিবেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছে প্লাস্টিক। তাই পাটজাত পণ্য ব্যবহারের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৮ ‍জুলাই, বুধবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষ মেলা ও বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্লাস্টিক দূষণ বিশ্বের জন্য একটি বড় সমস্যা হয়ে উঠেছে। আমরা দেখেছি কখনও কখনও এটি ড্রেনেজ সিস্টেম ও খাল বন্ধ করে দেয়। যেখানেই প্লাস্টিক আছে, সেখানেই আপনি সমস্যা খুঁজে পাবেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্লাস্টিক পণ্য ব্যবহার নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করে এবং তার বিকল্প খুঁজে বের করে। পাট ও পাটজাত পণ্যের সুবর্ণ দিন ফিরিয়ে আনতে সরকার অনেক কর্মসূচি হাতে নিয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘বিজ্ঞানীরা ইতোমধ্যে ‘‘সোনালি ব্যাগ’’ নামে পাটের তৈরি বায়োড্রেগ্রেবল পলি ব্যাগ আবিষ্কার করেছেন। যা জৈবযুক্ত ও পরিবেশবান্ধব। বিকল্প হিসেবে আমরা এই ব্যাগ ব্যবহার করতে পারি।’

নিজের হাতব্যাগের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘পাট থেকে ফ্যাশনেবল ব্যাগও তৈরি হয়। এই ব্যাগ পাট থেকেই তৈরি করা হয়েছে। পরিবেশবান্ধব পাটজাত পণ্য রফতানির মাধ্যমে আমরা অর্থ সঞ্চয় করতে পারি।’

এর আগে বন্যপ্রাণী সংরক্ষণ, জাতীয় পরিবেশ পুরস্কার এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। তিনি শেরেবাংলা নগরে জাতীয় পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষ মেলা ২০১৮ উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

Leave a Reply