
চলমান বিশ্বমঞ্চের ফুটবল উন্মাদনায় ভাসছে পুরো দেশ। সেই উন্মাদনাকে সাধারণ মানুষ ও যুবসমাজের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজধানী মিরপুরে এক বর্ণাঢ্য ও ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের অন্যতম শীর্ষ নেতা জনাব সাজ্জাদুল মিরাজ। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর যুবদলের এই সদস্যসচিবের নিজস্ব উদ্যোগে মিরপুর-১ নম্বরে তাঁর কার্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে বিশালাকার ডিজিটাল স্ক্রিন। যেখানে প্রতি রাতে শত শত ফুটবলপ্রেমী মেতে উঠছেন নান্দনিক ফুটবলের জাদুতে।
গতকাল রাতে অনুষ্ঠিত আর্জেন্টিনার হাইভোল্টেজ ম্যাচটিকে কেন্দ্র করে মিরপুর-১ এলাকা পরিণত হয়েছিল এক টুকরো আর্জেন্টিনায়। সন্ধ্যার পর থেকেই সেখানে জড়ো হতে থাকেন শত শত আর্জেন্টিনা সমর্থক, তরুণ ও সাধারণ দর্শক। খেলা চলাকালীন যুবনেতা সাজ্জাদুল মিরাজ নিজে দর্শকদের মাঝে উপস্থিত থেকে সাধারণ ফুটবলপ্রেমীদের সাথে খেলাটি উপভোগ করেন। আর্জেন্টিনার প্রতিটি আক্রমণ আর গোল উদযাপনে দর্শকদের সাথে তাঁর এই একাত্মতা উপস্থিত তরুণদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। শেষ পর্যন্ত আর্জেন্টিনার ঐতিহাসিক ও নান্দনিক জয়ের সরাসরি সাক্ষী হয়ে মাঠ ছাড়েন এই যুবনেতা ও সাধারণ দর্শকেরা।
মাদক, গ্যাং কালচার ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রেখে সুস্থ বিনোদনের আলোয় ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দারা যুবদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন পর মিরপুরে রাজনৈতিক বলয়ের বাইরে এসে এমন একটি সার্বজনীন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।
খেলা দেখতে আসা মিরপুরের একাধিক তরুণ জানান, “সাধারণত বড় পর্দায় খেলা দেখার সুযোগ সবার হয় না। মিরাজ ভাইয়ের এই উদ্যোগের কারণে আমরা সবাই একসাথে বসে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে পারছি। একজন শীর্ষ যুবনেতা যেভাবে আমাদের পাশে বসে খেলা দেখলেন, তা আমাদের অনুপ্রাণিত করেছে।” যুবদলের এই ধরনের সামাজিক ও বিনোদনমূলক কর্মকাণ্ড রাজনীতিতে এক ইতিবাচক বার্তা দিচ্ছে। কেবল রাজনৈতিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ না থেকে, যুবসমাজকে সুস্থ ধারার বিনোদনে উদ্বুদ্ধ করার এই প্রয়াস সাজ্জাদুল মিরাজের দূরদর্শী ও জনমুখী নেতৃত্বের বহিঃপ্রকাশ।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব জনাব সাজ্জাদুল মিরাজ বলেন, “ফুটবল মানুষের হৃদয়ের খেলা, এটি সবাইকে ঐক্যবদ্ধ করে। আমাদের তরুণ সমাজ দেশের সম্পদ। তাদেরকে মাদক ও সুস্থ বিনোদনের অভাবজনিত অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা যুবদলকে একটি মানবিক ও যুব-বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করছি। তরুণদের মুখে এই প্রাণবন্ত উল্লাস বজায় রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, যা আগামীতেও অব্যাহত থাকবে।”
খেলা শেষে আর্জেন্টিনার জয় উদযাপনে শত শত সমর্থকের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে মিরপুরের রাস্তাঘাট। রাজনৈতিক ভেদাভেদ, ছোটবড়- ধনী গরিব সব ভুলে সাধারণ মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং যুবনেতার এই আন্তরিক উপস্থিতি মিরপুরের ক্রীড়ামোদীদের মাঝে এক অনন্য ও স্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
