
অস্ট্রেলিয়ার পূর্ব দিকে কোরাল সাগরে চীনের জাহাজে থেকে অস্ট্রেলিয়ার বিমানে লেজার রশ্নি (আলোক বিচ্ছুরণ) নিক্ষেপের অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়া বলছে, এমন কর্মকাণ্ড উড়োজাহাজের সুরক্ষায় বিঘ্ন ঘটাতে পারে।
চীনের এই অপেশাদারিত্বের তীব্র সমালোচনা করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা দফতরের দাবি, বৃহস্পতিবার একটি প্লেন উত্তরের আকাশসীমা ধরে যাচ্ছিল, সেই সময় লেজারের বিচ্ছুরণ দেখা যায়। এরপর বোঝা যায়, পিপলস লিবারেশন আর্মির জাহাজ থেকে এই লেজার বিচ্ছুরণ করা হয়েছে।
এই ধরণের অপেশাদারিত্ব ও সুরক্ষা বিহীন সামরিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া। এতে প্রাণহানি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের লেজার রশ্মির বিচ্ছুরণের জেরে পাইলট সাময়িকভাবে অন্ধ হয়ে যেতে পারেন। এর জেরে বিমানের সুরক্ষার নিয়ে প্রশ্ন থেকে যায়।
বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল, প্রশান্ত মহাসাগরে থাকা চীনের যুদ্ধ জাহাজ থেকে একইভাবে মার্কিন বিমানে লেজার বিচ্ছুরণ করা হয়েছিল। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার হেলিকপ্টার চালক এই ধরনের লেজার রশ্মির মুখে পড়েছিলেন। ২০১৮ সালে মার্কিন সরকার চীন সরকারকে এ নিয়ে অভিযোগও জানিয়েছিল। কিন্তু তারপরেও নিজেকে সংশোধন করেনি চীন।
তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
