Tuesday, April 21

আ.লীগ নেতার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরের নলডাঙ্গা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াসের স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মঞ্জুর কাদেরের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

নিহত পলি খাতুন (২৬) কাউন্সিলর পিয়াসের দ্বিতীয় স্ত্রী ছিলেন। তিনি নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল এলাকার আবুল কাশেমের মেয়ে।

এ ঘটনায় মঙ্গলবার বিকালে নিহতের মা শামসুন্নাহার বাদী হয়ে নাটোর থানায় একটি মামলা করেছেন।

পলিকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্বামী পিয়াসকে মামলায় আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের দক্ষিণ বড়গাছার মঞ্জুর কাদেরের বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন পলি ও তার এক ভাগনি। মেধাবী ছাত্রী পলি রাজশাহী আইন কলেজ থেকে আইন বিষয়ে ফাইনাল পরীক্ষা শেষ করে ইন্টার্নি করার প্রস্তুতি নিচ্ছিলেন।

সোমবার রাতে বাবা, মা ও স্বামী পিয়াসের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে ঘুমাতে যান পলি। সকালে তার ভাগনি তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘটনাটি পলির বাবাকে জানানো হয়।

পরে তারা এসে ঘরের দরজা ভেঙে সিলিংফ্যানের সঙ্গে পলিকে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শরিফুল ইসলাম পিয়াস জানান, ঘটনার রাতে তিনি বাসায় ছিলেন না। প্রেম করে পাঁচ বছর আগে প্রথম স্ত্রীর অনুমতিতে তিনি পলি খাতুনকে বিয়ে করেন।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান যুগান্তরকে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পিয়াসের বিরুদ্ধে নিহতের মা মামলা করেছেন।

Leave a Reply