
অবৈধভাবে জমি দখলের অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ কয়েকজনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগী জমির মালিক মোহাম্মদ আলীর অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করে আশুলিয়া থানা পুলিশ।
ডা. জাফরুল্লাহ চৌধুরী ছাড়া মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন ও গণস্বাস্থ্যের পরিচালক মো. সাইফুল ইসলাম শিশির হোসেন ও আশুলিয়ার টাকশুর এলাকার নুর মোহাম্মদের ছেলে আওলাদ হোসেন (৪৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও তিন-চারজন।
মামলায় অভিযোগ করা হয়েছে, আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নে ৪.২৪ একর সম্পত্তি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অন্য আসামিরা গত ১৪ অক্টোবর জোরপূর্বক দখল করে নেয়। দখল করার আগে স্বেচ্ছায় নামেমাত্র মূল্যে জমিটি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টের নামে লিখে দেয়ার জন্য চাপ দেয়া হচ্ছিল বলে অভিযোগে উল্লেখ করেন জমির মালিক। জমি না দিলে এক কোটি টাকা গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টের নামে দান করতে বলা হয় জমির মালিককে।
আশুলিয়া থানার ওসি রেজাউল হক দিপু মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্ট এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে এর আগেও জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি এসব বিষয় অস্বীকার করেছেন।
