
রুশ সেনারা চেরনোবিল পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র দখলের একদিন পরই পরিত্যাক্ত ওই কেন্দ্রের আশেপাশের এলাকায় তেজষ্ক্রিয়তার মাত্রা রেকর্ড পরিমানে বেড়ে গেছে বলে দাবি করেছে ইউক্রেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরুর প্রথম দিনই পরিত্যাক্ত ওই পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া দখলে নেয় বলে ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের এক উপদেষ্টা জানিয়েছেন।
কিয়েভ থেকে একশ’ কিলোমিটার দূরে অবস্থিত ওই ১৯৮৬ সালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এখনো তেজষ্ক্রিয়তা ছড়ায়।
তবে ওই ঘটনার এতো বছর বাদে হঠাৎ করে রাশিয়া দখলের পর কেন এই তেজষ্ক্রিয়তার মাত্রা বেড়ে গেল সেই প্রশ্নের উত্তরে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই এলাকায় ভারি সামরিক সরঞ্জামের চলাচলের কারণে বাতাসে তেজস্ক্রিয় ধূলিকণা উঠছে। এই কারণেই সেখানে তেজষ্ক্রিয়তার মাত্রা বেড়ে গেছে।
অবশ্য আন্তর্জাতিক অটোমিক এনার্জি এজেন্সি জানায়, ওই তেজষ্ক্রিয়তা মানুষের জন্য ক্ষতির কারণ হবে না।
