Tuesday, April 21

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়ে আসছি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চেষ্টা করছি আমাদের প্রতিটি শিক্ষার্থী যে যেখানেই পড়ুক সবাই যেন দক্ষ ও যোগ্য মানুষ হতে পারে, দেশের সুনাগরিক হতে পারে। বিজ্ঞানমনস্ক হতে পারে ও প্রযুক্তি বান্ধব হতে পারে। তারা যেন নিজের কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করতে পারে। তারা যেন নিজেরা উদ্যোক্তা হতে শিখে। তার জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এরই মধ্যে একেবারেই আমূল পরিবর্তন নিয়ে আসছি।

শনিবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, করোনায় সারা বিশ্ব বিপর্যস্ত, ধনী দেশগুলো বিপদগ্রস্ত হয়ে গেছে। পৃথিবীর ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে লক্ষ লক্ষ মানুষ করোনায় মারা গেছে। আমাদের দেশের প্রায় ২৮ হাজার মানুষকে হারিয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা যেভাবে করোনা মোকাবিলা করেছি, যেভাবে টিকা দেওয়ার কার্যক্রম চলছে। আজকে সারা দেশে এক কোটি মানুষকে করোনার টিকা দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশের মানুষ আজ উৎসবের মাধ্যমে করোনা টিকা নিচ্ছে। পৃথিবীর অন্যান্য দেশে টিকা নিতে হলে টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশে সরকার বিদেশ থেকে টাকা দিয়ে টিকা কিনে এনে জনগণের জন্য বিনামূল্যে দিচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশটাকে সুস্থ রাখতে, দেশের মানুষকে সুস্থ রাখতে, দেশের অর্থনীতিকে চালু রাখতে এবং সমাজকে এগিয়ে নিতে বিনামূল্যে করোনার টিকার ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থার ওপর জোর দিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করেছেন।

এর আগে শিক্ষামন্ত্রী মুক্তাগাছায় বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন এবং মুক্তাগাছা মহাবিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

এছাড়া ভালুকা আসনের সংসদ সদস্য কাজীমউদ্দিন ধনু, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মনিরা সুলতানা মনি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, পৌর মেয়র বিল্লাল হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আরব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী, ইউএনও আব্দুল্লাহ আল মনসুর, মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply