Tuesday, June 9

তাসকিনকে না পেয়ে কাকে নিচ্ছে লখনৌ

আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের পাঁচ তারকার মধ্যে তাসকিন আহমেদের নামও ছিল। তালিকায় নাম থাকলেও বাংলাদেশের এই গতিময় ক্রিকেটারকে নিলামে নেয়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি।

আইপিএল ১৫তম আসরের নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান।

নিলাম শেষ হওয়ার এক মাসেরও বেশি সময় পর অপ্রত্যাশিতভাবেই ডাক পড়ে তাসকিন আহমেদের। আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌয়ের হয়ে খেলার কথা ছিল ইংল্যান্ডের তারকা ক্রিকেটার মার্ক উডের।

৩২ বছর বয়সী এই ইংলিশ পেসার চোটাক্রান্ত হওয়ায় লখনৌয়ের টিম ম্যানেজমেন্টে থাকা ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর তাসকিন আহমেদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফোন করেন।

২৬ মার্চ শুরু হবে আইপিএল। লখনৌর চাওয়া অনুযায়ী পুরো টুর্নামেন্টেই তাসকিন তাদের হয়ে খেললে তাকে দক্ষিণ আফ্রিকা ছেড়ে চলে যেতে হতো ওয়ানডে সিরিজের পরপরই। তখন দুই টেস্টের সিরিজটা খেলা হতো না তাসকিনের।

তাই বিসিবি তাসকিনকে আইপিএল খেলতে অনুমতি দেয়নি। জাতীয় দলের খেলা থাকায় আইপিএলে প্রথমবার সুযোগ পেয়েও খেলতে যাওয়া হচ্ছে না তাসকিনের।

তাসকিনকে না পেয়ে জিম্বাবুয়ের তরুণ পেসার ব্লেসিং মুজারাবানিকে নিচ্ছে লখনৌ। আইপিএলের স্বপ্ন পূরণ হচ্ছে এই জিম্বাবুইয়ান পেসারের। জিম্বাবুয়েতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার নিজেই টুইটারে নিশ্চিত করেছেন খবরটি।

Leave a Reply