
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলাপর্যায়ে শ্রেষ্ঠ কলেজপ্রধান অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার ও শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন পূর্ণতা সরকার। দুজনই দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ থেকে নির্বাচিত হয়েছেন।
জেলার ৬০টি কলেজ থেকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়।
এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল গফুর স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা যায়। স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার।
জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদারকে জেলার শ্রেষ্ঠ কলেজপ্রধান ও পূর্ণতা সরকারকে শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থী নির্বাচিত করা হয়।
ফারুক আহমেদ তালুকদার ২০১৭ সালের ৫ জানুয়ারি অধ্যক্ষ পদে ওই কলেজে যোগদানের পর দুইবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
ফারুক আহমেদ দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শিক্ষাবিদ মাফিজ উদ্দিন তালুকদারের ছোট ছেলে। শিক্ষা প্রসারের সঙ্গে থেকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তার এই সফলতা প্রাপ্তিতে অগণিত শিক্ষার্থী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।
এ নিয়ে ফারুক আহমেদ তালুকদার বলেন, প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানাই, আমাকে এ সম্মান দেওয়ার জন্য। পরিশ্রম কোনো দিনই বৃথা যায় না। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলাপর্যায়ে আমাকে শ্রেষ্ঠ কলেজপ্রধান হিসেবে মনোনীত করায় জেলা ও উপজেলা প্রশাসনসহ শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। আগামী ২৯ মে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা, সবাই আমার জন্য দোয়া করবেন।
