Sunday, April 19

বাড়ছে পানি, বানভাসি মানুষের ঘরে নেই খাবার

সিলেট ও সুনামগঞ্জের পানি কমলেও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সর্বত্র হু হু করে বাড়ছে। খাল-নালা ভরাট হওয়ার ফলে চলাচল করতে পারছে না। ফলে কোমর পানি মাড়িয়ে হেঁটে যেতে হয়। এ অবস্থায় ঘরবন্দি হয়ে পড়েছেন লাখো মানুষ। ওইসব ঘরবন্দি কর্মহীন মানুষের ঘরে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। উপজেলার ১২৬টি আশ্রয় কেন্দ্রে উঠেছেন মাত্র ১৩ হাজার বানভাসি মানুষ।

স্থানীয় সংসদ-সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ইউএনও পদ্মাসন সিংহ আশ্রয়কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। বাকি বৃহত্তর অংশ ঘরে বসেই পাবেন সরকারি সহায়তা জানিয়েছেন পিআইও মলয় কুমার দাস। ইউপি চেয়ারম্যানরা প্রকৃত ঘরবন্দি মানুষ চিহ্নিত করে ত্রাণ পৌঁছে দিবেন। কিন্ত বন্যা কবলিত মানুষের সংখ্যা বেশি হওয়ায় অনেকেই সহায়তা না পেয়ে অনাহারে দিনাতিপাত করছেন।

উপজেলা সদর শেখের মহল্লা গ্রামের মুহিত উল্লার বিধবা স্ত্রী আমিনা খাতুন বলেন, এক সপ্তাহ যাবৎ পানিবন্দি আছি কিন্তু আমার ভাগ্যে জুটেনি একমুঠো খাবার।

মজলিশপুর গ্রামে আয়মনা আক্তার বলেন, সন্তান-সন্ততি নিয়ে অনাহারে অর্ধাহারে দিন চলছে। সরকারি সাহায্যের কোনো হদিস নাই। চেয়ারম্যান মেম্বাররা মুখ চিনে চিনে ত্রাণ দিচ্ছেন বলে অভিযোগ তার।

আশার বাণী হলো এমপি আব্দুল মজিদ খান জানিয়েছেন, কোনো মানুষ না খেয়ে থাকবেন না। দ্রুত সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া হবে।

Leave a Reply