
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনও রকম শৃঙ্খলা পরিপন্থী পরিস্থিতি তৈরির অপপ্রয়াস সহ্য করবো না। আমি এই ঘটনাগুলো জানবো। জানার পরে দেখবো। আমাদের প্রক্টর এবং প্রক্টরিয়াল টিম বিষয়গুলো দেখবে। বিশ্ববিদ্যালয় প্রক্টরকে একটি প্রতিবেদন দিতে বলেছি। প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।
বললেন উপাচার্য ড. আখতারুজ্জামান।
রোববার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের ৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কোটা প্রসঙ্গে অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী কোটা নিয়ে সুস্পষ্টভাবে অনেকগুলো কথা বলেছেন। আশা করি সে বিষয়ে কোনও বিভ্রান্তি থাকবে না। আমাদের মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনও রকম অস্থিতিশীল পরিবেশের প্রথম এবং প্রধান শিকার হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার পরিবার।
এজন্য শিক্ষার্থী এবং তাদের পরিবারকে আহ্বান জানাবো, যেকোনও অপ্রীতিকর পরিবেশের সঙ্গে যেন কেউ যুক্ত না হয়।
গেলো শনিবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।
এ ঘটনায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া নূরুল হকসহ অন্তত ছয়জন আন্দোলনকারী আহত হয়েছেন।
হামলার প্রতিবাদে আজ রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া দেশের সব বিশ্ববিদ্যালয় ও বড় কলেজে মানববন্ধন এবং কাল সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা করেছে ছাত্রলীগ। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
এর মধ্যে কোটা আন্দোলনকারী নেতা রাশেদ খাঁনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
