
সপ্তমীর সকালে খুশির হাওয়ার মধ্যেই একটি বড়সড় দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হুগলির হরিপালে কালুবাটি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে খালে একটি যাত্রীবোঝাই বাস পড়ে যায়। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শিশু ও মহিলা-সহ অন্তত ২২ জন জখম হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, বেসরকারি বাসটি আরামবাগ থেকে কলকাতায় আসছিল। হরিপালের ডাকাতিয়ার কাছে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি প্রথমে রাস্তার পাশে রেলিংয়ে ধাক্কা মারে। রেলিং ভেঙে সোজা গিয়ে পড়ে ডাকাতিয়া খালে।
প্রথমে স্থানীয়েরাই উদ্ধারকার্যে হাত লাগান। পরে পুলিশ গিয়ে ক্রেন দিয়ে বাসটিতে তোলে। বাসের কাচ ভেঙে অনেক যাত্রীকে উদ্ধার করা গিয়েছে। কিন্তু তাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। ২২ জনের অবস্থা গুরুতর। তাঁদের হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে।
