Sunday, April 19

চুয়াডাঙ্গায় নিখোঁজের এক মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হাবিবপুর গ্রামের এক যুবক বাড়ী থেকে নিখোঁজের এক মাস তিনদিন পর গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি বাগানের ভিতর থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। নিখোঁজ যুবকের নাম জিয়ারুল ইসলাম জিয়া(৩৮)। পুলিশ কঙ্কাল উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

নিহত যুবকের পারিবারিক সুত্রে জানা গেছে, জীবননগর উপজেলার হাবিবপুর গ্রামের কৃষক আজিজুল হকের ছেলে জিয়ারুল ইসলাম জিয়া গত ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে ছোট শিশু পুত্রকে মারপিট করার ঘটনায় স্ত্রীর সাথে গন্ডগোল করে বাড়ী থেকে বের হয়ে যান। পরবর্তীতে বাড়ীতে জিয়া ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেন। কিন্তু কোথাও তার হদিস পান না।

এক পর্যায়ে গতকাল সকালে হাবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাগানের ভিতরে জিয়ার লাশের কঙ্কাল ও তার গায়ের জামা এবং লুঙ্গী দেখে ধারণা করা হয় কঙ্কালটি জিয়ার। পরে পুলিশ খবর পেয়ে কঙ্কালটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

নিহত জিয়ার স্ত্রী শুকজান খাতুন বলেন, আমি গত ১৪ সেপ্টেম্বর সকালে আমার ছোট ছেলে ঝাঁমেলা করায় আমি তাকে মারপিট করি। এ ঘটনায আমার স্বামী জিয়া আমার প্রতি অভিমান করে আমাকে চড় থাপ্পড় দিয়ে বাড়ী থেকে বের হয়ে যায়। পরবর্তীতে বাড়ীতে ফিরে না আসায় সমস্ত আত্বীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করি। কিন্তু কোথাও কোন সন্ধান পাই না।

গতকাল হঠাৎ করেই শুনি স্কুলের পিছনে বাগানের ভিতরে একটি মানুষের হাড়-গোড় পড়ে আছে। আমরা সেখানে গিয়ে দেখি যে ঘটনাস্থলে পড়ে থাকা লুঙ্গী ও জামা আমার স্বামীর। নিখোঁজের ব্যাপারে থানায় জিডি করতে গিয়েছিলাম,কিন্তু পুলিশ জিডি নেয়নি।

এব্যাপারে সীমান্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, নিহত যুবক জিয়া আমার গ্রামের ছেলে। তার নিখোঁজের ব্যাপারটি আমি শুনেছিলাম। কঙ্কাল দেখে লাশটি কার তা বোঝা মুসকিল। তবে তার পরিবারের সদস্যরা গায়ের জামা ও লুঙ্গী দেখে ধারণা করছেন কঙ্কালটি নিখোঁজ জিয়ারই।

এ প্রসঙ্গে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া বলেন, কঙ্কালটি পুরোপুরি না পাওয়ায় লাশ সনাক্ত করা দুস্কর হয়ে পড়েছে। তবে পরিবারের দাবী অনুযায়ী ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত কঙ্কালটি নিখোঁজ জিয়ার। কঙ্কালটি চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply