কোন গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য এই সরকার আসেনি: মঈন খান
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করার জন্য কিন্তু এই সরকার আসেনি। এই সরকার কিন্তু একটি বিশাল দায়িত্ব নিয়ে এসেছে, সেই দায়িত্বটি কী? স্বৈরাচার থেকে গণতন্ত্রে বাংলাদেশকে রূপান্তর করতে হবে। এটা কিন্তু ছোটখাটো জিনিস নয়, আমি আনন্দিত তারা চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন। শুধু গ্রহণ করলে হবে না, দায়িত্বটি তাদের সঠিকভাবে পালন করতে হবে। এটা শুধু তাদের জন্য না, বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ঢাকাস্থ মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম কর্তৃক 'গণঅভ্যুত্থান, গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার' বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার কোন পক্ষপাতিত্ব করতে পারবে না। যে মুহূর্তে তারা (সরকার) পক্ষপাতিত্বে চলে যাবেন, তখনই তাদের কার্যপদ্ধতি ব্যর্থ হয়ে যাবে। ...









