রাবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন পালন করতে গেলে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
রোববার সকাল দশটার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন শুরু করতে গেলে ছাত্রলীগ এ হামলা চালায়। এসময় কোটা আন্দোলনকারীদের কিল-ঘুষি ও লাথি মেরে তাদের ব্যানার ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠে। এসময় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বেলা সাড়ে এগারোটায় দ্বিতীয় দফায় লাঠি-সোটা নিয়ে হামলা করে রাবি ছাত্রলীগ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌনে দশটার দিকে কোটা আন্দোলনকারীরা মানবন্ধন কর্মসূচি পালনের জন্য গ্রন্থাগারের সামনে প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ রুনুর নেতৃত্বে দলবেঁধে গ্রন্থাগারের সামনে আসেন ছাত্রলীগের ২৫-৩০ জন নেতাকর্মী।...









